উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নাগেরহাটে মাদক, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে গত ১৩ সেপ্টেম্বর রাতে লিটন বেপারীর ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নাগেরহাট নবীন সংঘ ও নাগেরহাট গ্রামবাসীর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এলাকায় মাদক, সন্ত্রাস ও সহিংসতার কারণে সামাজিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের পাশাপাশি স্থানীয়ভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, গত ১৩ সেপ্টেম্বর রাতে লিটন বেপারীর ওপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে নিরপরাধ কাউকে যেন হয়রানি করা না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।
নাগেরহাট নবীন সংঘের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সরকারের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন নাগেরহাট বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজ মোল্লা, কনকসার ইউনিয়ন বিএনপি নেতা আসলাম আহমেদ বেপারী, সাবেক সংরক্ষিত ইউপি সদস্য রুবেদা বেগম, নাগেরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আবু কালাম মোল্লা, নাগেরহাট নবীন সংঘের সাবেক সভাপতি আজাদ দেওয়ান, সাবেক সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মিজান সরকার, প্রচার সম্পাদক মহসীন পাঠান ও আব্দুর রাজ্জাক শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।