উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডেঙ্গু প্রতিরোধে সরকারি আবাসিক এলাকাগুলোতে নিয়মিত ও নিরবচ্ছিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে গণপূর্ত অধিদপ্তরকে আহ্বান জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে সরকারি আবাসিক এলাকা এজিবি কলোনিতে বিশেষ ‘ক্লিনিং ডে’ কর্মসূচির উদ্বোধনকালে এ আহ্বান জানান ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।
তিনি বলেন, ‘সিটি করপোরেশন সপ্তাহের সাত দিনই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখবে। তবে সরকারি আবাসিক এলাকাগুলোতে নিরবচ্ছিন্ন পরিচ্ছন্নতা নিশ্চিত করতে গণপূর্ত অধিদপ্তরকে আরও গুরুত্ব দিতে হবে। সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা গেলেই ডেঙ্গু সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব।’
ডেঙ্গু প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা থেকে সরকারি ও বিরোধী দলসহ সব রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে শনিবার ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়।
আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে ৭৫টি ওয়ার্ডের বাসাবাড়ি, সড়ক, অলিগলি, ড্রেন, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত স্থাপনায় নিবিড় তদারকি করা হয়। অভিযানে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, এডিস মশার লার্ভা ধ্বংস এবং পানি জমতে পারে- এমন ডাব-নারকেলের খোসা, প্লাস্টিকের বোতল ও পরিত্যক্ত টায়ারসহ বিভিন্ন সামগ্রী অপসারণ করা হয়।
এ ছাড়া প্রতিটি ওয়ার্ডে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক শোভাযাত্রা আয়োজন করা হয়। এতে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারী, মশক নিধনকর্মী ও স্থানীয় নাগরিকরা অংশ নেন। শোভাযাত্রা থেকে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পানি জমতে না দেওয়ার বিষয়ে নগরবাসীকে সচেতন করা হয়।
ডেঙ্গুর ঝুঁকি থেকে নগরবাসীকে সুরক্ষিত রাখতে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছে ডিএসসিসি।