উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের শ্রীনগরে পারিবারিক কলহের জেরে দুই বছরের নাতিকে মাটিতে আছাড় দেওয়ার ঘটনায় অভিযুক্ত দাদী মুক্তা বেগমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শনিবার সন্ধ্যায় উপজেলার দেউলভোগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের কাননিসার এলাকায় তোফায়েল খানের বাড়ির উঠানে পারিবারিক কলহের জেরে তার স্ত্রী মুক্তা বেগম দুই বছরের নাতি নাফিন খানকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দেন। ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত ২৫ সেপ্টেম্বর ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা করেন। এরপর মুন্সীগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় অভিযানে নামে শ্রীনগর থানা পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীনগর থানার দেউলভোগ এলাকায় অভিযান চালিয়ে মুক্তা বেগমকে গ্রেফতার করা হয়। তিনি তন্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাননিসার এলাকার তোফায়েল খানের স্ত্রী।
শ্রীনগর থানা পুলিশ জানায়, গ্রেফতার মুক্তা বেগমকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।