উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চুরির বিচার শালিসকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে খালেদ মাহমুদ নামের এক যুবদল কর্মীকে হত্যার হুমকি ও কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) নেতা সাত্তার চৌধুরীর বিরুদ্ধে। গত শুক্রবার (০২ অক্টোবর) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বাঘমোচড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাত্তার চৌধুরী রূপগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) সাংগঠনিক সম্পাদক। ভুক্তভোগী যুবদল কর্মী খালেদ মাহমুদ গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওমর হোসেনের নেতৃত্বে রাজনীতি করে আসছেন।
ভুক্তভোগী খালেদ মাহমুদ জানান, গোলাকান্দাইল ইউনিয়নের বাঘমোচড়া এলাকায় তিনি পাটোয়ারী ফার্নিচার নামের একটি ফার্নিচারের দোকান পরিচালনা করে আসছেন। গত বুধবার রূপগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) নেতার অনুসারী ইমন তার পাশের দোকানে চুরির ঘটনা ঘটায়। এ ঘটনায় তিনিসহ এলাকার গণ্যমান্য লোকজন নিয়ে বিচার শালিসের মাধ্যমে সমাধান করে দেন। এরই জের ধরে গত শুক্রবার রাতে জাসাসের উপজেলার সাংগঠনিক সম্পাদক সাত্তার চৌধুরী, তার ভাতিজা চুন্নু, মিন্টু, তার অনুসারী বাবু, ফেরদৌস, ইমনসহ অজ্ঞাত ১৫/২০ জন মিলে দেশীয় অস্ত্রসহ তার দোকানের সামনে এসে হামলা চালাতে আসলে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা তাকে হত্যার হুমকি প্রদান করে চলে যায়। পরে রাতে ফের তারা তার দোকানের সামনে এসে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এতে আতংকিত হয়ে যান এলাকাবাসী। এ ঘটনায় তিনি বাদী হয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক সাত্তার চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে একটা কুচক্রী মহল কাজ করছে। আমি এ ঘটনার কিছুই আমার আনিত অভিযোগ সত্য নয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি সালাউদ্দিন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।