প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা
বিশেষ সংবাদদাতা
বুরকিনা ফাসোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বিস্তার করা আর্জেন্টিনা শেষ পর্যন্ত ৭-০ গোলের বিশাল জয় তুলে নেয়।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। বুরকিনা ফাসোর বেবেল দুম্বিয়ার ফাউলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তৃতীয় মিনিটে স্পট কিকে লাওতারো মার্তিনেজের প্রথম শট ঠেকিয়ে দেন গোলরক্ষক গুইরা রাজাক। তবে ফিরতি বলে গোল করে দলকে এগিয়ে দেন লাওতারো।
৮ মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন বুরকিনা ফাসোর মৌমুনি দিয়ালো।
১৩ মিনিটে অভিষেকেই গোলের দেখা পান জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি। দারুণ এক আক্রমণ থেকে গোল করে আর্জেন্টিনার ব্যবধান আরও বাড়িয়ে দেন তরুণ এই ফরোয়ার্ড।
প্রথমার্ধের শেষ দিকে দুই মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করে আর্জেন্টিনা। ৩৪ মিনিটে নিকোলাস পাজের গোলে স্কোরলাইন হয় ৪-০। এরপর ৩৬ মিনিটে প্রেস্টিয়ান্নির পাস থেকে গোল করে নিজের গোলখরা কাটান হুলিয়ান আলভারেজ।
দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন আনেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মাঠে নামেন ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো, মাতিয়াস সুলে, লিওনার্দো বালের্দি, টমাস পালাসিওস ও লিওনার্দো ফ্লোরেস। পরিবর্তিত খেলোয়াড়দের নিয়েও আর্জেন্টিনার আক্রমণের ধার কমেনি।
৫৬ মিনিটে মাতিয়াস সুলের অ্যাসিস্ট থেকে গোল করেন ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো। জাতীয় দলের হয়ে এটিই তার প্রথম গোল।
শেষদিকে বুরকিনা ফাসো কয়েকটি আক্রমণের চেষ্টা করলেও আর্জেন্টিনার রক্ষণ তা সামলে নেয়। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও একটি গুরুত্বপূর্ণ শট ঠেকিয়ে দেন।
ম্যাচের শেষ মুহূর্তে সান্তিয়াগো কাস্ত্রোর শট পোস্টে লেগে ফিরে আসে। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ভ্যালেন্তিন বারকোর ক্রস থেকে হেডে গোল করেন গুলিয়ানো সিমিওনে। তাতেই ৭-০ গোলের বড় জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।