উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহাসড়কের ফুটপাত দখল করে প্রায় ৩ হাজার দোকান বসানোর অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের অভিযোগ, এসব দোকান থেকে বিভিন্ন নামে প্রতিদিন ১০০ টাকা করে ৩ লাখ টাকা আদায় করা হচ্ছে। একাধিকবার উচ্ছেদ অভিযান চালানোর পরও বন্ধ হয়নি ফুটপাত দখল ও টাকা আদায়ের অভিযোগ।
কাঁচামাল ব্যবসায়ী শফিক বলেন, ‘চাঁদাবাজরা প্রতিদিন ১০০ টাকা করে নেয়। টাকা না দিলে মারধর করে। টাকা না দিলে আমাদের মাল ফেলে দেয়।’ তাঁর অভিযোগ, এর পাশাপাশি ঝাড়ু দেওয়ার নাম করেও দোকানপ্রতি ৩০ টাকা করে নেওয়া হয়।
ব্যবসায়ীদের অভিযোগ, বিভিন্ন ব্যক্তির নাম ব্যবহার করে টাকা আদায় করা হলেও কারা এই টাকা সংগ্রহ করছে এবং টাকা কোথায় যাচ্ছে, তা তারা জানেন না। টাকা দিতে অস্বীকৃতি জানালে হয়রানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগও করেছেন কয়েকজন ব্যবসায়ী।
এদিকে মহাসড়কের ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের সড়কে নেমে চলাচল করতে হচ্ছে। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। প্রশাসনের উচ্ছেদ অভিযান শেষ হওয়ার পর ফের একই স্থানে দোকান বসানোর অভিযোগ রয়েছে।
চাঁদাবাজির টাকা কোথায় যায়—এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা বলেন, ‘এ বিষয়ে কিছু জানি না।’
স্থানীয় ব্যবসায়ীদের প্রশ্ন, মহাসড়কের ফুটপাত দখল করে প্রকাশ্যে দোকান বসানো এবং নিয়মিত টাকা আদায়ের অভিযোগ থাকলেও এর বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন। ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি টাকা আদায়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তদন্তের দাবি জানিয়েছেন তারা।