উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মা ইলিশ সংরক্ষণে জেলেদের সচেতন করতে সভা ও ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ চাল বিতরণ করা হয়।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় লৌহজং উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান ও লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশন (ভূমি) এরফানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, ওমর ফারুক অবাক, গাঁওদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলহাজ্ব বাদল হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক হাজী মুক্তার হোসেন খান, ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নেত্রী তাসলিমা বেগমসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, জেলে সম্প্রদায়ের সদস্য ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সবাইকে আইন মেনে চলতে হবে। আগামী ৮ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। মা ইলিশ সংরক্ষণ করা গেলে ইলিশের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে। এতে জেলেদের জীবিকা ও দেশের অর্থনীতি উভয়ই সমৃদ্ধ হবে।
সভা শেষে লৌহজং উপজেলার তালিকাভুক্ত নিবন্ধিত ১ হাজার জেলের প্রত্যেককে ২৫ কেজি করে ভিজিএফের চাল সরকারি মানবিক সহায়তা হিসেবে বিতরণ করা হয়।