উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ফারজানা ববি মিতু।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন করলেই হবে না, তাদের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে হবে। বর্তমান প্রজন্মই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাই তাদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক এবং সমাজের সকলকে একযোগে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “যেসব শিক্ষার্থী কৃতিত্বের মাধ্যমে বিদ্যালয় ও জেলার সুনাম বয়ে আনছে, তাদের যথাযথ সম্মাননা প্রদান অন্যদেরও ভালো ফলাফলের জন্য উৎসাহিত করবে।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।