উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার হাসাইল ইউনিয়ন পরিষদে মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় হাসাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে টংগিবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ এবং জেলেদের প্রজননকালীন সময়ে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় মা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের খাদ্যসহায়তা হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়।
সচেতনতামূলক সভায় মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে জেলেদের সহযোগিতা কামনা করা হয়।
মা ইলিশ সংরক্ষণে সরকারি উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি জেলেদের জীবিকা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।