উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও কার্যকর করতে মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৩টি হাটবাজারে ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় টংগিবাড়ী উপজেলা মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
এতে সভাপতিত্ব করেন টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও হাটবাজারে পরিচ্ছন্নতা বজায় রাখা, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা রোধ এবং জনসাধারণের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং হাটবাজারে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর এ কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে টংগিবাড়ী উপজেলায় পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং পরিবেশদূষণ কমাতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।