উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় টংগিবাড়ী উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো এবং টংগিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া।
অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের উৎসাহিত করা হয় এবং বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতির বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও প্রতিবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সাংস্কৃতিক চর্চার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষপর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়বে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।