উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস-বাংলা মেডিকেল কলেজে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার কর্ণগোপ এলাকায় কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুবিনা ইয়াসমিন। এতে সভাপতিত্ব করেন ইউএস-বাংলা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট নাজনীন সুলতানা এবং ইউএস-বাংলা মেডিকেল কলেজের পরিচালক মেজর (অব.) ডা. এ কে এম মাহবুবুল হক। মূল বক্তব্য উপস্থাপন করেন কলেজের মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. রুবিনা হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক ডা. সাদিয়া খান।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্য মানুষের সামগ্রিক সুস্থতার অবিচ্ছেদ্য অংশ। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতিও সমান গুরুত্ব দেওয়া জরুরি। মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের অবহেলা না করে তাঁদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে। পাশাপাশি সামাজিক বৈষম্য ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করে প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতা নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, মানসিক সমস্যাকে লুকিয়ে না রেখে সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এ ক্ষেত্রে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরা এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। কর্মসূচিতে কলেজের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের আয়োজন মানসিক স্বাস্থ্য সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করার পাশাপাশি মানুষের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়ক হবে।