উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ফ্লাইওভারের নিচে ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ। যেখানে সপ্তাহে তিন দিন বিনামূল্যে খাবার পাচ্ছেন অসহায়, দরিদ্র ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ২০০ মানুষ। দীর্ঘ সাড়ে তিন বছর ধরে শাহবাজ ফাউন্ডেশনের উদ্যোগে চলছে এই দস্তরখানা কার্যক্রম। সুবিধা বঞ্চিত নিম্ন আয়ের লোক যেমন ; রিক্সা চালক বাসার হেলপার ভিক্ষুক অসহায় তারা এখানে এসে বিনামূল্যে খাবার পেয়ে অনেক আনন্দিত । স্বেচ্ছাসেবীদের আন্তরিক প্রচেষ্টায় ক্ষুধার্ত মানুষের মুখে তুলে দেওয়া হচ্ছে খাবার।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ব্যস্ততম ভুলতা ফ্লাইওভারের নিচে মানুষের ভিড়। তবে এই ভিড় কোনো যানবাহনের জন্য নয়, একবেলা বিনামূল্যে খাবার পাওয়ার আশায়। কেউ দিনমজুর, কেউ রিকশাচালক, আবার কেউ নিম্ন আয়ের সাধারণ মানুষ। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে একসঙ্গে বসে খাবার খাচ্ছেন।
প্রতি সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার এখানে বসে মানবতার দস্তরখানা। শাহবাজ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিদিন প্রায় ২০০ মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। যেখানে নেই ধনী-গরিবের ভেদাভেদ। ক্ষুধার্ত মানুষ এলেই পাচ্ছেন বিনামূল্যে খাবার।
সাড়ে তিন বছর আগে সপ্তাহে মাত্র একদিন খাবার বিতরণের মধ্য দিয়ে শুরু হয় এই মানবিক কার্যক্রম। পরে মানুষের ব্যাপক সাড়া ও চাহিদা বাড়ায় সপ্তাহে দুই দিন করা হয়। বর্তমানে সপ্তাহে তিন দিন চলছে খাবার বিতরণ।
স্থানীয় কয়েকজন স্বেচ্ছাসেবী কোনো ধরনের পারিশ্রমিক ছাড়াই খাবার বিতরণের দায়িত্ব পালন করছেন। মানুষের মুখে হাসি ফোটানোই তাঁদের মূল উদ্দেশ্য।
খাবার খেতে আসা ব্যক্তিরা বলেন,
প্রতি সপ্তাহে এই তিন দিনের অপেক্ষায় থাকি। এখানে বিনামূল্যে খাবার পাই। যাঁরা আমাদের খাওয়াচ্ছেন, তাঁদের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাঁদের আরও বেশি মানুষকে খাওয়ানোর তৌফিক দেন।
শাহবাগ ফাউন্ডেশন এর পরিচালক মোহাম্মদ ইয়ামিন মিয়া জানান,
আমাদের মূল শাখা ঢাকায়। সেখানে শুক্রবার ছাড়া সপ্তাহে ছয় দিন খাবার বিতরণ করা হয়। ভুলতায় প্রথমে একদিন, পরে দুই দিন এবং বর্তমানে তিন দিন খাবার বিতরণ করছি। মানুষের ভালো সাড়া পাচ্ছি। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এ ধরনের মানবিক উদ্যোগের পরিধি আরও বাড়ানো গেলে অসহায় ও নিম্ন আয়ের বহু মানুষের মুখে ফুটবে তৃপ্তির হাসি, ক্ষুধার্ত মানুষের জন্য নিশ্চিত হবে একবেলা খাবার।